এটি কালীগুণীন সিরিজের চতুর্থ বই। বইটিতে মোট ৪টে কালীগুণীনের অ্যাডভেঞ্চার উপন্যাসিকা রয়েছে। উপন্যাসিকাগুলি যথাক্রমে কালীগুণীন এবং নীলকন্ঠের সঙ্কেত, কালীগুণীন আর বিদ্যুৎজিহ্বা রহস্য, কালী গুণীনের দ্বিতীয় গল্প ও ভর.
কালীগুণীন বনাম বিদ্যু্ৎজিহ্বা রহস্য--
শত শত বৎসর পূর্বে সন্ন্যাসী জটিলেশ্বর এক ভয়ঙ্কর রহস্যকে চাপা দিয়ে রেখেছিলেন হিঙ্গজটা গ্রামের পাহাড়ের মাটিতে। সেই রহস্যের সঙ্গে নিদ্রিত অবস্থায় থাকে এক কাঁচাখেগো অপদেবতা। বহু শত বছর পরেও যে সেই ভয়ঙ্কর রাক্ষস তার হিংসা ভোলেনি, তার প্রমাণ পাওয়া গেল মাটির তলা থেকে ঐ অলৌকিক রহস্য বেরিয়ে আসার পর থেকেই অতি হিংস্র আক্রমণ শুরু হবার সঙ্গে সঙ্গেই। গোটা ভারতবর্ষকে কোন ভয়ঙ্কর উপায়ে ছারখার করে দিতে চায় শয়তানের দল? দশানন রাবণের ভগ্নীপতি, রাক্ষস বিদ্যুৎজিহ্বার তৈরী এক অসামান্য বিদ্যা কিভাবে জড়িয়ে পড়লো এই রহস্যের সঙ্গে? কালীপদ কি পারবে নিজের ধুরন্ধর বুদ্ধি দিয়ে সবকটি যোগসূত্র জোড়া লাগিয়ে দেশকে সর্বনাশের থাবা থেকে বাঁচাতে?
কালীগুণীন ও নীলকন্ঠের সঙ্কেত--
উড়িষ্যার সীমান্ত থেকে ক্রমশ বাঙ্গালার পূব দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে এক হিংস্র জানোয়ার। আধা মানুষের মতো তার আকৃতিটা কেউ কেউ আবছা ভাবে চোখে দেখেছে। কি উদ্যেশ্যে এভাবে বিদ্যুৎগতিতে ছুটে আসছে সে? কালীপদ সেই আধা মানুষের রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে আবিষ্কার করলো পুরাণের সবচেয়ে রহস্যময় এক মহা রহস্যের, যা আমাদের চোখের সামনেই এতকাল রূপকথার আড়ালে লুকিয়ে ছিল। সেই রহস্যের নাগাল পেতে মোকাবেলা করতে হবে এক হিংস্র রক্ষীর সঙ্গে। কালীগুণীন কি পারবে সেই অতি আশ্চর্য রহস্যকে উদ্ধার করতে?
কালীগুণীনের দ্বিতীয় গল্প:-
এক চিকিৎসক বদলি হবার পরে তার পরিবারকে নিয়ে উঠলেন এক হাসপাতাল-বাড়িতে। হাসপাতালের গা ঘেঁষেই দুইতলা গৃহ। দিন তিনেক আনন্দে কাটানোর পর চতুর্থ দিন ঘটে গেল একটা অপ্রীতিকর ঘটনা! চিকিৎসকের পরিবার টের পেলেন যে এই বাড়িটায় তাঁরা ছাড়াও আরও ভয়ঙ্কর কারোর আনাগোনা আছে। এই বাড়ির অতীতের সঙ্গে জড়িয়ে আছে এক অতি নির্মম এবং বুকফাটা অভিশাপ। কালীপদ কি পারবে এই অতীতের অভিশাপের সন্ধান করে, তার বিহিত করে পরিবারটিকে রক্ষা করতে?
ভর:-
একজন গুণীনের জীবনের অসংখ্য চমকপ্রদ ঘটনার সঙ্গে থেকে যায় কিছু সাধারণ ঘটনা, কিন্তু গুরুত্বের দিকে তা কোনো অংশেই লঘু নয়। এক গ্রাম্য গৃহবধূর শরীরে প্রেতিনীর ভর পড়া এবং সেই সূত্রে এক নিষ্ঠুর অতীতকে খুঁজে বের করার এক কাহিনী।